
ইসকন মন্দিরে হামলার এক আসামি শরিফুল ইসলাম এর আগে দিনাজপুর শহরে খ্রিষ্টান ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করার ঘটনায়ও জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনিসহ জেএমবির একটি দল ইতালীয় ধর্মযাজককে গুলি করার কয়েক মাস আগেই দিনাজপুর শহরে বাসা ভাড়া করে অবস্থান নিয়েছিলেন।
শরিফুল গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেদোয়ানুর রহিম গতকাল প্রথম আলোকে এ কথা জানান। এর আগে মন্দিরে হামলা মামলায় শরিফুলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে ডিবি।
তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জবানবন্দিতে শরিফুল বলেছেন, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
সংগঠনের সিদ্ধান্তে তাঁরা কাহারোলের মন্দিরে হামলা ও ইতালীয় বংশোদ্ভূত ধর্মযাজককে গুলি করে হত্যার চেষ্টা চালান। তিনি বলেন, গত ১৮ নভেম্বর সকালে ধর্মযাজক পিয়েরা পিচমকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই ঘটনায় এক মোটরসাইকেলে তিনজন অংশ নেন। শরিফুল ছিলেন ওই মোটরসাইকেলের চালক। ওই ঘটনার পর তাঁরা দিনাজপুর ছেড়ে অন্যত্র চলে যান। তিন সপ্তাহ পর তাঁরা আবার দিনাজপুর এসে কাহারোলে মন্দিরে হামলা চালান।
১০ ডিসেম্বর রাতে দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও বোমা হামলা চালায়। হামলা শেষে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন শরিফুল। পরদিন ভোরে বীরগঞ্জে একটি একে ২২ রাইফেলসহ জনতার হাতে ধরা পড়েন মোছাব্বের নামে আরেকজন। পরে পুলিশ জানায়, এ দুজন জেএমবির সদস্য। শরিফুলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে। আর মোছাব্বেরের বাড়ি লালমনিরহাট শহরে।
মন্দিরে হামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাঁরা নিশ্চিত হয়েছেন যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ—জেএমবি দিনাজপুরে সাম্প্রতিক হামলাগুলোর সঙ্গে জড়িত। এসব হামলার মূল পরিকল্পনাকারীর নামও তাঁরা পেয়েছেন। তদন্তের স্বার্থে তা গণমাধ্যমকে জানাতে রাজি হননি তিনি।
প্রসঙ্গত, ১৮ নভেম্বর সকাল সোয়া আটটায় দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় পিয়েরো পিচমকে (৬৪) গুলি করা হয়। এ ঘটনায় দিনাজপুর কসবা মিশনের ফাদার সিলাস কুজুর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর পুলিশ দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তিনি এখন কারাগারে আছেন।