ইনকিলাবের বার্তা সম্পাদক গ্রেপ্তার
দৈনিক ইনকিলাব পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার গভীর রাতে আরকে মিশন রোডের কার্যালয় থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ পত্রিকা কার্যালয়ে আরও কয়েকজন সাংবাদিককে খোঁজ করেন।
ওয়ারী থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দারের দায়ের করা মামলার আসামি হিসেবে রবিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
একটি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ইনকিলাবে প্রকাশিত খবরের কারণে প্রলয় কুমার এ মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ওই পত্রিকাটি মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন। এ ছাড়া পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলা হয়েছে। এতে ইনকিলাবের সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, সিটি এডিটর ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করা হয়েছে।