ইনজেকশন দিয়ে মাকে অচেতন, মেয়েকে ধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুমের ইনজেকশন দিয়ে এক নারীকে অচেতন করে তাঁর মেয়েকে (১৪) এক পল্লিচিকিৎসক ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পল্লিচিকিৎসক আবুল কাশেমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকলমি গ্রামে। আবুল কাশেম ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারের জনকল্যাণ ফার্মেসির মালিক।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, পাশের কবিরহাট উপজেলার এক নারী উচ্চরক্তচাপের চিকিৎসার জন্য গত সোমবার বেলা ১১টার দিকে জনকল্যাণ ফার্মেসিতে যান। ওই নারীর সঙ্গে ছিল তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে। সে কানের ব্যথায় ভুগছিল। পরে পল্লিচিকিৎসক আবুল কাশেম ওই নারীকে ফার্মেসির পেছনে নিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণের ইনজেকশন দেওয়ার কথা বলে ঘুমের ওষুধ প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার পর ওই নারী অচেতন হয়ে পড়েন। এরপর কাশেম ওই নারীর মেয়েকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে কাশেমকে ধরে মারধর করে। পরে তাঁকে চরফকিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়।
স্থানীয় একটি সূত্রমতে, স্থানীয় কিছু ব্যক্তি বিষয়টি সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ কারণে সন্ধ্যা পর্যন্ত বিষয়টি পুলিশকে জানানো হয়নি। পরে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পেয়ে রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ কাশেমকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রী মামলা করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গতকাল মঙ্গলবার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পল্লিচিকিৎসক আবুল কাশেমকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।