ইনজেকশনে শিশুর মৃত্যু চিকিৎসক, গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় হাতুড়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে গত বুধবার রাতে নুরুজ্জামান নামের একটি শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মোমতাজুল ইসলাম নামের কথিত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে।

নিহত নুরুজ্জামান (৯) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে। সে মা-বাবার সঙ্গে আশুলিয়ার টেঙ্গুরী এলাকায় থেকে স্থানীয় কোনাপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার মক্তব শাখায় পড়ত। বাবা জয়নাল পেশায় হকার। মা মর্জিনা বেগম পোশাক কারখানার কর্মী। 

পুলিশ ও পরিবার সূত্র জানায়, নুরুজ্জামান কয়েক দিন ধরে ঠান্ডাজ্বরে ভুগছিল। গত বুধবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাঁর চিকিৎসার জন্য মোমতাজুল ইসলামের কাছে যান। মোমতাজুল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়নালের বাসায় গিয়ে নুরুজ্জামানকে দুটি ইনজেকশন প্রয়োগের পাশাপাশি খাওয়ার কিছু ওষুধ দেন। এর কয়েক মিনিটের মধ্যে সে অচেতন হয়ে পড়ে। পাশাপাশি মুখ দিয়ে গোল্লা (ফেনার মতো) বের হতে থাকে। রাত ১২টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল আবেদীন বলেন, লোকমুখে শোনার পর তিনি মোমতাজুলকে চিকিৎসক হিসেবেই জানতেন। এ জন্যই ছেলের চিকিৎসার জন্য তিনি তাঁর কাছে গিয়েছিলেন।

আশুলিয়া থানার এসআই মহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী কথিত চিকিৎসক মোমতাজুলকে আটক করে থানা-পুলিশকে জানান। গতকাল বৃহস্পতিবার তাঁকে আটক করে থানায় আনা হয়। মোমতাজুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।