ইনামুল খুনের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বানিনাতপুরের তিন বছরের শিশু ইনামুল হক খুনের ঘটনায় গত শনিবার রাতে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন প্রতিবেশী ফজলুল হকের মেয়ে ফরিদা খাতুন ও পুত্রবধূ রেহেনা খাতুন।
এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা ছয়ে দাঁড়াল। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন ফজলুল হক ও তাঁর স্ত্রী খালেদা খাতুন, বড় ছেলে রেজাউল হক, জামাতা নায়েব আলী।
পুলিশ জানায়, ইনামুল খুনের ঘটনায় গ্রেপ্তার ছয়জনসহ সাতজনকে আসামি করে শনিবার রাতেই আলমডাঙ্গা থানায় মামলা করেন নিহত শিশুর বাবা নুরুল ইসলাম। এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি আল আমিন (১১) ফজলুল হকের ছোট ছেলে ও বানিনাতপুর কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশের এক কর্মকর্তা বলেন, আল আমিনকে পাওয়া গেলে খুনের রহস্য অনেকখানি উদ্ঘাটন হবে। কারণ, খুনের আগে একাধিক প্রত্যক্ষদর্শী শিশু ইনামুলকে সর্বশেষ আল আমিনের কোলে দেখেছেন। তখন দুজনের হাতেই মোরগ ফুল ছিল এবং উদ্ধারের সময়ও লাশের পাশে সেই ফুল পাওয়া যায়।
এদিকে গ্রেপ্তার ছয়জনকে গতকাল রোববার সকালে থানা থেকে আলমডাঙ্গার আমলি আদালতে পাঠানো হয়। আদালত উপপরিদর্শক (সিএসআই) আবুল কালাম আজাদ বলেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হালিমের আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, বানিনাতপুরের বাসিন্দা জামজামি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলামের শিশু শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। ওই দিন রাত ১২টায় প্রতিবেশী ফজলুল হকের পানের বরজ থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।