ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সোমবার রাতে নান্নু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি কমকর্তারা জানান, নান্নু সংঘবদ্ধ মানব পাচারকারী, অপহরণ ও প্রতারক চক্রের হোতা।
সোমবার রাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নান্নুকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি জানিয়েছে।
ইরান থেকে নান্নু বাংলাদেশে ফিরছে—ইন্টারপোলের কাছ থেকে এমন তথ্য পেয়ে সিআইডি শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেয়। সোমবার রাতে উড়োজাহাজে তিনি শাহজালাল বিমানবন্দরে নামার পরই সিআইডি তাঁকে গ্রেপ্তার করে। নান্নু মিয়ার বাড়ি সিলেটের বালাগঞ্জ থানার নছিরপুরে।
সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ইউরোপে পাঠানোর কথা বলে লোকজনকে ইরানে আটকে রাখেন নান্নু মিয়া। পরে এসব লোককে জিম্মি করে বাংলাদেশে অবস্থানরত তাঁদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন তিনি। টাকা না পেলে জিম্মি ব্যক্তিদের ওপর নির্যাতনও করা হয়।
এ ছাড়া তিনি মানব পাচারের সঙ্গে যুক্ত। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।
সিআইডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার নান্নু দীর্ঘ ৩৫ বছর ধরে পরিবার নিয়ে ইরানে বসবাস করে আসছিলেন। তিনি মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কিছু তুর্কি ও পাকিস্তানি দালালের সহায়তায় অবৈধভাবে স্পিডবোটে সাগরপথে ইরানে নিয়ে যাওয়ার পর আটক করাতেন। মধ্যপ্রাচ্যের একটি দেশে কর্মরত প্রকৌশলী শফিউল আলমকে তিনি প্রতারণার ফাঁদে ফেলে ইরানে নিয়ে আটক করে বাংলাদেশে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে শফিউল আলমের মা সিআইডি পুলিশের কাছে অভিযোগ করলে সেটি আমলে নিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।