রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছাড়পত্র দেওয়ার পর রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে রোগীর তিন স্বজনকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ কর্মবিরতিতে চলে যায়।
গত মঙ্গলবার বেলা তিনটায় রোগীর মৃত্যু হলেও এই ঝামেলার কারণে লাশ দাফন করতে গতকাল বুধবার সকাল ১০টা বেজে যায়।
রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের রানীবাজার সাধুর মোড় এলাকার শাহীন আলী (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকেরা ছাড়পত্র দেন। এরপর হাসপাতাল ছাড়ার আগেই ওয়ার্ডে রোগীর মৃত্যু হয়।
অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনার জের ধরে মাহফুজুর রহমান নামের একজন ইন্টার্ন চিকিৎসককে রোগীর এক স্বজন লাঞ্ছিত করেন। এরপর ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ অলিখিত ধর্মঘটে চলে যায়।
খবর পেয়ে শাহীন আলীর আত্মীয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক হাসপাতালে যান। তিনি বলেন, তাঁর কাছে একজন ইন্টার্ন চিকিৎসক অভিযোগ করেছেন, তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। এ কথা শোনার পর আবু বকর সিদ্দিক এ ঘটনার জন্য ওই চিকিৎসকের কাছে ক্ষমা চান। তিনি তাঁকে বুঝিয়ে বলেন, ‘ডেথ সার্টিফিকেট’ দিলেই তাঁরা লাশ নিয়ে চলে যাবেন। তখন তাঁরা তাঁকে বাইরে দাঁড়াতে বলেন। তিনি বাইরে এসে দাঁড়ান। আবু বকর সিদ্দিক বলেন, তিনি বাইরে এসে দাঁড়ানোর পর ভেতরে আবার গন্ডগোল বাধে। পরে তিনি জানতে পারেন, রোগীর মা ও বোনকে ইন্টার্ন চিকিৎসকেরা লাথি মেরেছেন। এতে রোগীর বোন পড়ে গেলে তাঁকে বারান্দায় এনে পানি দেওয়া হয়। অবশ্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম দাবি করেছেন, লাথি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। হয়তো ধস্তাধস্তির সময় ওরা পড়ে যেতে পারে।
আবু বকর সিদ্দিক বলেন, সেখান থেকে পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যায়। নিচে গিয়ে দেখেন, পুলিশ আরও দুজনকে ধরেছে। তাঁদের মধ্যে আছেন রোগীর ভাই সাজু সরদার ও আরেক আত্মীয় শিথিল রহমান। তাঁদের নগরের রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের নিয়ে আসার পর তাঁরা লিখিত অভিযোগের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ইন্টার্ন চিকিৎসকেরা কোনো লিখিত অভিযোগ দেননি। পরে রাতে আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের পরিচালক বলেন, ওই রোগীর ‘স্ট্রোক’ করেছিল। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এ ধরনের ৪০-৫০ জন রোগী প্রতিদিন আসেন। হাসপাতালের ধারণক্ষমতা কম। বাসায় নিয়ে শুশ্রূষা করার মতো হলেই রোগীদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁরা যেকোনো সময় মারা যেতে পারেন। এটা বলেই দেওয়া হয়। এই অবস্থায় ছাড়পত্র দেওয়া হয়েছিল। তারপর রোগীটা মারা গেছেন। তিনি বলেন, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তাঁরা হয়তো ছিঁড়ে ফেলেছিলেন। পরে আরেকটা নতুন করে দেওয়া হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকদের একাংশের কর্মবিরতির ব্যাপারে পরিচালক বলেন, কিছু তো থাকেই সুযোগ পেলে একটু আরাম করে নেন। এ রকম কিছু ইন্টার্ন চিকিৎসক চলে গিয়েছিলেন। তাঁরা গতকাল বেলা আড়াইটায় কাজে যোগদান করেছেন।
ফোন নম্বর না পাওয়ায় ইন্টার্ন চিকিৎসক মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলা যায়নি। তবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বলেন, মাহফুজকে কলার ধরে লাঞ্ছিত করা হয়েছে।
গত বছরের নভেম্বরে দুই দফা এ ধরনের ঘটনা ঘটেছিল। তখনো ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে মৃত ব্যক্তির স্বজনদের পুলিশে সোপর্দ করা হয়েছিল।