স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার নার্সিংয়ে ইন্টার্ন শেষ হওয়ার কথা ছিল সোমা আক্তারের (২৩)। কিন্তু আজ সেখানে তাঁর লাশের ময়নাতদন্ত চলছে। পরিবারের অভিযোগ, রাজধানীর কলাবাগানে কমফোর্ট হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে সোমার লাশ ফেলে পালিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী আমিনুল ইসলাম। এ সময় তাঁকে আটক করে পুলিশে দেয় হাসপাতালের কর্মচারীরা। যৌতুক না পেয়ে আমিনুল সোমাকে হত্যা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি নার্স ছিলেন সোমা। আজ শুক্রবার তাঁর ইন্টার্ন শেষ হওয়ার কথা ছিল। স্বামীর সঙ্গে কল্যাণপুরের ১১ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন সোমা।

নিহত সোমা আক্তারের চাচা নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক বছর আগে পারিবারিকভাবে সোমার সঙ্গে আমিনুলের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দুই মাস ভালো সংসার চলছিল। এর পর ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন আমিনুল। টাকার জন্য প্রায়ই নানাভাবে সোমাকে চাপ দিতেন তিনি।

নূরুল ইসলামের ভাষ্য, গতকাল দুপুর একটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে কাজে ব্যস্ত ছিলেন সোমা। এ সময় সোমাকে বারবার ফোন করেন আমিনুল। পরে তাঁকে কল্যাণপুরের বাসায় নিয়ে যান আমিনুল। সন্ধ্যা সাতটার দিকে সোমাকে মৃত অবস্থায় কলাবাগানের কমফোর্ট হাসপাতালে পাওয়া যায়।

নূরুল ইসলামের ভাষ্য, সোমার গলা ও কানে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে হত্যার পর রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কমফোর্ট হাসপাতালে রেখে রাত আটটার দিকে আমিনুল পালানোর চেষ্টা করেন। এ সময় হাসপাতালের কর্মচারীরা আমিনুলকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যায়। সেখান থেকে আমিনুলকে মিরপুর থানায় পাঠানো হয়।

এ ঘটনায় মিরপুর থানায় মামলা করেছেন সোমা আক্তারের বাবা তমিজউদ্দিন মাস্টার। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, নারী নির্যাতন, যৌতুক ও হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে।

সোমার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।