ইপিজেডের এক নারী শ্রমিক ধর্ষণের শিকার
নীলফামারীর উত্তরা ইপিজেডের ভ্যানচুরা কারখানার এক নারী শ্রমিক (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কারখানার প্রায় এক কিলোমিটার দূরে চার দুর্বৃত্ত তাঁকে ধর্ষণ করে।
এলাকাবাসী বুধবার রাত ১১টার দিকে মেয়েটিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়েটি বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মেয়েটি জানান, তাঁর বাড়ি জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি গ্রামে। প্রায় তিন মাস আগে তিনি উত্তরা ইপিজেডের ভ্যানচুরা কারখানায় শ্রমিকের কাজ নেন। কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাবুর হাট এলাকায় এক বাড়িতে মেস করে ভাড়া থাকেন।
বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কারখানা ছুটি হলে অন্য একটি কোম্পানির এক পরিচিত পুরুষ শ্রমিকের সঙ্গে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় বাসার অদূরেই দুই লোক তাঁদের পথ রোধ করে সঙ্গী শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর তারা মেয়েটিকে জীবননাশের হুমকি দিয়ে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে নিয়ে মুঠোফোনে আরও একজনকে ডেকে এনে পালাক্রমে ধর্ষণ করে। পরে ধর্ষণকারীরা মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে ফেলে চলে যায়। একপর্যায়ে মেয়েটির কান্না শুনে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ধর্ষণের শিকার মেয়েটিকে বুধবার রাত পৌনে ১১টার দিকে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গতকাল দুপুরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, মেয়েটি চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম প্রকাশ করেনি।
এদিকে ইপিজেডের একটি কারখানার শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারখানা কর্তৃপক্ষ প্রতিদিনই বাধ্যতামূলকভাবে শ্রমিকদের দিয়ে দুই থেকে তিন ঘণ্টা ওভারটাইম করায়। এতে দূরদূরান্তের নারী শ্রমিকদের সন্ধ্যার পর নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করতে হয়। তবে এসব বিষয়ে কথা বলার মতো ভ্যানচুরা কারখানার কাউকে পাওয়া যায়নি।