ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিএনপি নেতা আটক
ইফতার অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় গতকাল রোববার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারের সামনে রাউজান উপজেলা বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়, আটক বিএনপির নেতা ছালামত আলী রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর দোকান মালিক ফেডারেশনের নেতা। তাঁকে আটকের পর রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে ফাঁড়িতে আটক রাখা হয়েছিল।
উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘জামালখান এলাকার একটি কমিউনিটি সেন্টারে গতকাল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ইফতার অনুষ্ঠান ছিল। বিকেল সাড়ে চারটার দিকে ছালামত আলী কমিউনিটি সেন্টারে প্রবেশ করার আগ মুহূর্তে সাদা পোশাকে থাকা পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়।’
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের এএসপি মশিউদ্দৌলা রেজা প্রথম আলোকে বলেন, ‘ছালামত আলীর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। এ কারণে পুলিশ তাঁকে আটক করেছে।