ইভ টিজিংয়ের জেরে সংঘর্ষে আহত ৫০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে সাত গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। ইভ টিজিংকে কেন্দ্র করে গতকাল সোমবার এ সংঘর্ষ হয়।
একই দিন গোপালগঞ্জ সদর উপজেলায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বোয়ালমারীর শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের সাইফুল সিকদার তাঁর স্ত্রী ও শালিকাকে নিয়ে রোববার বিকেলে সহস্রাইল বাজারে যান। সেখানে সহস্রাইল গ্রামের সুমন, নাছির, শিপন ও অনিক নামের চার তরুণ সাইফুলের স্ত্রী ও শালিকাকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করলে তাঁরা সাইফুলকে মারধরও করেন।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, এর জেরে গতকাল সকালে সাইফুলের হয়ে মাইটকুমরা, ভুলবাড়িয়া ও গঙ্গানন্দপুর এবং চার তরুণের হয়ে সহস্রাইল, দরিসহস্রাইল, ছত্রকান্দা ও বাঘডাঙ্গা গ্রামের কয়েক শ মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সহস্রাইলের বটতলা ঈদগা এলাকায় নয়টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে গুরুতর আহত হোসেন মেম্বার, ছিদ্দিক খান ও রুবেল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।
সূত্র জানায়, উলপুর গ্রামে একটি খালে মাছ ধরা নিয়ে গতকাল সকালে আশরাফ মোল্লা ও উলু মোল্লার মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহত চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও আরেকজনকে খুলনায় পাঠানো হয়েছে।