ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বরিশালে এক স্কুলছাত্রীর দাদাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার একটি গ্রামে গত বুধবার রাতে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল খালেক হাওলাদার (৭০)।
খালেক হাওলাদারের ছেলে জানান, স্থানীয় বখাটে তুষার তাঁর মেয়েকে বেশ কিছুদিন ধরে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার দুপুরে মুঠোফোনে তাঁর মেয়ের ছবি তোলার চেষ্টা করে তুষারসহ কয়েকজন। এ সময় ওই যুবকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে রাত আটটার দিকে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে মারধর শুরু করে ওই বখাটেরা। এ সময় তাঁর বাবা আবদুল খালেক বাধা দিলে বখাটেরা তাঁকে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মূলত ইভ টিজিং করাকে কেন্দ্র করেই হামলার ঘটনাটি ঘটেছে। আমরা বুধবার রাত থেকেই বখাটেদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।’