ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাইয়েদুর রহমান হৃদয় গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাধা দিতে গিয়ে আহত হয়েছে সহপাঠী গোলাম সাজিদ। সহপাঠী ও প্রধান শিক্ষক ধারণা করছেন, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন পরেশ সাগর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইয়েদুর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মো. জিয়াউর রহমান শাহীন গাজীর ছেলে। সে নগরের মা-মনি আবাসিক কোচিং সেন্টারে থেকে ওই বিদ্যালয়ে পড়াশোনা করত। গোলাম সাজিদ নগরের খান সড়ক এলাকার বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন আহত গোলাম সাজিদ রাফির ভাষ্য, সকাল পৌনে ১০টার দিকে সাইয়েদুর বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন তরুণ হৃদয়কে কথা আছে বলে ডেকে নেয়। বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে পরেশ সাগর মাঠ এলাকায় নিয়ে তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে সে (সাজিদ) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে তারা। খবর পেয়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গোলাম সাজিদ বলে, কিছুদিন আগে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় সাইয়েদুরের সঙ্গে বেশ কিছু বখাটের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তার ওপর হামলা হয়েছে বলে তার মনে হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালেদুর রহমান বলেন, সাইয়েদুর রহমানকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তার কিডনি ও ফুসফুসে ছুরির আঘাত লাগে। এতেই তার মৃত্যু হয়েছে। সাজিদের পিঠে ছুরির একটি আঘাত লেগেছে। তবে সে আশঙ্কামুক্ত।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন প্রথম আলোকে বলেন, ‘সাইয়েদুর রহমান খুবই ভালো ছেলে। লেখাপড়ার পাশাপাশি সে ভালো ফুটবলার ছিল। বিদ্যালয়ের শিক্ষার বাইরে তাকে যে দায়িত্ব দেওয়া হতো, তা সে দক্ষতার সঙ্গে পালন করত। শুনেছি কয়েক দিন আগে বিদ্যালয়ের শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিল সে। তবে বিষয়টি সে আমাদের জানায়নি। তাতে ক্ষিপ্ত হয়েই কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।’

সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বাবা মো. জিয়াউর রহমান শাহীন। একমাত্র সন্তানকে হারিয়ে বিলাপ করতে করতে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন।

সাইয়েদুরের নানা মো. হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, তিন-চার বছর আগে সাইয়েদুর রহমানের মা মারা যান। ভান্ডারিয়ায় ভালো স্কুল না থাকায় ভালো স্কুলে পড়ার জন্য তাকে বরিশালে পাঠানো হয়। একটি কোচিং সেন্টারে আবাসিক হিসেবে খরচ দিয়ে তাকে রাখা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে এমন ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাইয়েদুরের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।