ইভ টিজিংয়ের প্রতিবাদ করে বখাটেদের লাঞ্ছনার শিকার তরুণী
রাজধানীতে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এক তরুণী (২২) শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে ডেমরা এলাকার নুরানি মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।
ওই তরুণীর বড় বোন বলেন, আজ দুপুরে এলাকার ‘চিহ্নিত বখাটে’ বাদশাহ ওরফে বাবুসহ চারজন ওই তরুণী প্রাইভেট পড়াতে যাওয়ার সময় তাঁর পথরোধ করে। তারা তাঁকে নানা ধরনের বাজে কথা বলে উত্ত্যক্ত করে। প্রত্যুত্তরে ওই তরুণী বলেন, ‘তোদের বাসায় কি মা-বোন নাই?’ এরপর বখাটেরা ওই তরুণীকে কিল, ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে চলে যায়।
ওই তরুণীর বড় বোন আরও জানান, ঘটনার পর আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ওই তরুণী এখন হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁরা মামলা করবেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক ওই তরুণীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।