ইভিএম ছিনতাই মামলায় দেড় শতাধিক আসামি, নিরাপত্তাহীনতায় জয়ী কাউন্সিলর
রাজশাহীর কাটাখালী পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড কেন্দ্রে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অভিষেক বসাক বাদী হয়ে কাটাখালী থানায় মামলাটি করেন। এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তবে এ মামলায় আজ মঙ্গলবার পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি। এদিকে ওই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আবদুল মজিদ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন।
কাটাখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্র হয়েছিল পৌরসভার ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুলে। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন ব্যাংক কর্মকর্তা অভিষেক বসাক। তিনি জানান, নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর মালামাল নিয়ে বের হওয়ার সময় ব্যাপক লোকজন জড়ো হয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলার সময় একটি ইভিএম মেশিন খোয়া যায়। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। আধা ঘণ্টা পর জঙ্গলের ভেতর থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ইভিএম মেশিনটি উদ্ধার করে।
অভিষেক বসাক বলেন, উদ্ধার করার সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ আসামিদের পরিচয় বের করেছে। প্রধান আসামি করা হয়েছে ওই ওয়ার্ডের পরাজিত প্রার্থী আবদুল লতিফকে।
৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আবদুল মজিদ। আজ বিকেলে এলাকার অবস্থা সম্পর্কে জানতে চাইলে আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ওই ভোটকেন্দ্র থেকে তাঁর বাসা থেকে আধা কিলোমিটারের একটু কম দূরে। ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ জন্য তিনি ওই এলাকায় যেতে পারেননি। এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মেয়রের সঙ্গে কথা বলে তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আবদুল লতিফকে প্রধান আসামি করে এজাহারে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরও ১৫০ জন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হননি।
নবনির্বাচিত কাউন্সিলরের নিরাপত্তাহীনতার কথা শুনে ওসি বলেন, তিনি তো লোকজন নিয়ে বিজয় মিছিল করেছেন। নিরাপত্তাহীনতার কথা তিনি পুলিশকে জানাননি।
জানালে পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। আসামি গ্রেপ্তার না হওয়ার প্রসঙ্গে ওসি বলেন, ভোটের দিন সারা দিন ব্যস্ত ছিলেন। মামলা প্রস্তুত করতেই রাত ১২টা-১টা বেজে গেছে। এরই মধ্যে অভিযান পরিচালনা করার সময় পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে অভিযান চালানো হবে। বুধবার অভিযানের ফল পাওয়া যাবে।