ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় তাঁর মুঠোফোনে এ হুমকি দেওয়া হয় বলে ইমরান তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।
স্ট্যাটাসে ইমরান বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ইউনাইটেড কিংডমের (যুক্তরাজ্য) কোড-সংবলিত একটি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমাকে খুব শিগগির হত্যা করা হবে। আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো উত্তর দেওয়া হয়নি। বারবার শুধু বলা হলো হত্যা করা হবে। কোথায়, কীভাবে খুন করবেন, জানতে চাইলে কল কেটে দিয়েছে।’
ইমরান আরও বলেন, ‘আমি জানি, এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে-যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার। আর হুমকি-ধমকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর।’ তিনি আরও লিখেছেন, ‘প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরোনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কি না? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।’
থানায় কোনো অভিযোগ করেছেন কি না, জানতে চাইলে ইমরান বলেন, ‘থানায় কোনো অভিযোগ করিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কেউ যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
সাম্প্রতিক সময়ে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড, প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায় সরব হন ইমরান এইচ সরকার।