রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন করে গণজাগরণ মঞ্চ। এতে ইমরান এইচ সরকার বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইঁদুর বাঁধ কেটে ফেলার কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইঁদুর বাঁধ কেটেছে কি না জানি না, তবে ইঁদুররূপী কিছু মানুষ যে প্রকল্পের টাকা মেরে খেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইঁদুররূপী মানুষ আছে ঠিকই, অভাব ইঁদুর মারা বিষের।
ইমরানের বক্তব্য শেষ হওয়ার পর হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলার পর ইমরান এইচ সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আচমকা একদল তরুণ লাঠিসোঁটা নিয়ে আমাদের দিকে তেড়ে আসেন ও মারধর করেন। তাঁরা চিৎকার করে বলতে থাকেন, দেশের কোথাও কোনো বন্যা নেই। তোরা ইচ্ছা করে বন্যার গল্প বানাইছিস।’
এ সময় ইমরান এইচ সরকারের সঙ্গে থাকা লোকজন ও সাধারণ জনতা দুর্বৃত্তদের পাল্টা ধাওয়া দেন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
শাহবাগ থানার ওসি আবু হাসান বলেন, অভিযোগ পেলে তাঁরা ঘটনাটি খতিয়ে দেখবেন।