ইমামকে পিটিয়ে জখম করায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক ইমামকে পিটিয়ে জখম করার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রাত ১০টায় সাতজনকে আসামি করে ওই ইমাম স্থানীয় থানায় মামলা করেন। গতকাল এই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আসামির নাম এম সি হৃদয় (২৫)। তাঁর বাড়ি উপজেলার বাইশপুর গ্রামে। হামলায় আহত ইমামের নাম মো. লেয়াকত হোসেন (৩০)। তিনি উপজেলার উপাদী উত্তর গ্রামে একটি জামে মসজিদে ইমামতি করছেন।
সূত্রটি আরও জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার সকাল সাড়ে আটটায় ওই ইমামকে মসজিদের কাছে লাঠিপেটা করেন একই গ্রামের মো. বাদশা (২৩) ও তাঁর সহযোগীরা। পরে আহত ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকার লোকজন।
এ ঘটনায় গত বুধবার রাত ১০টায় বাদশা এবং তাঁর সহযোগী মো. সাদ্দাম , মো. সোহাগ, মো. শরিফ, মো. শাকিল, এম সি হৃদয়সহ সাতজনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় হত্যাচেষ্টার মামলা করেন ওই ইমাম। গতকাল সকাল ১০টায় হৃদয়কে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে গতকাল চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।