ইমামের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মিজানুর রহমান (২৭) নামের একজন ইমামের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। কুলিয়ারচরে বিলপাড়হাটি পাঞ্জেখানা মক্তবে ইমাম হিসেবে তিনি কর্মরত ছিলেন। আজ সোমবার ভোরে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া বিলপাড়হাটি এলাকা থেকে মিজানের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, মিজানের বাড়ি কিশোরগঞ্জ সদরের বোলাই গ্রামে। পাঁচ বছর ধরে তিনি ওই মক্তবের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি স্থানীয় শিশু-কিশোরদের আরবি শিক্ষাও দিতেন। মক্তবের বারান্দায় তৈরি করা টিনশেডের একটি কক্ষে ঘুমাতেন তিনি। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন দেখতে পান এক যুবক মাথায় করে একটি বস্তা নিয়ে যাচ্ছে। সঙ্গে আরেক যুবক। চোর সন্দেহ তিনি তাঁদের দাঁড়াতে বললে বস্তা ফেলে ওই দুই যুবক পালিয়ে যান। বস্তায় মৃতদেহ দেখতে পেয়ে আকরাম হোসেন চিৎকার করে গ্রামবাসীকে জড়ো করেন। পরে পুলিশ সকাল সাতটার দিকে মিজানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।
মক্তবের মোয়াজ্জিন মোহাম্মদ আলী জানান, গতকাল মিজানের সঙ্গে তাঁর সর্বশেষ দেখা হয় এশার নামাজের আগে। মিজান গতকাল এশার নামাজ পড়ান। মোহাম্মদ আলী জানান, রাতে একটি দাওয়াতে যোগ দেন তিনি। ফিরে আসার পর মিজানের সঙ্গে তাঁর আর দেখা হয়নি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ইমাম মিজানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা লাশ গায়েব করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথে জনতার নজরে পড়ে যাওয়ায় লাশ ফেলেই তারা পালিয়ে যায়।