ইমামের বিশ্রামকক্ষে খাদেম খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদের ইমামের বিশ্রামকক্ষ থেকে ওই মসজিদের খাদেম দুলাল গাজীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, দুলাল গাজীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা গতকাল শুক্রবার পর্যন্ত শনাক্ত করা যায়নি। মসজিদের দোতলার যে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানে ইমামের ব্যবহৃত আলমারির তালা ভাঙা ছিল। আলমারি থেকে দুই হাজার টাকা খোয়া গেছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের ধারণা, আলমারি ভেঙে টাকা চুরি করার সময় চোরকে চিনে ফেলায় দুলালকে খুন করা হয়েছে। তিনি বলেন, হত্যাকারী শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও চার খাদেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মসজিদ কর্তৃপক্ষ থানায় ফোন করে জানায় যে খাদেম দুলাল খুন হয়েছেন। এরপর ধানমন্ডি থানার পুলিশ রাত ১২টার দিকে মসজিদে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল সকালে মসজিদের মুয়াজ্জিন মো. মহিউদ্দিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।