ইয়াবা দিয়ে ফাঁসিয়ে নির্যাতনের অভিযোগ র্যাবের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী নজরুলকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরিয়ে পুলিশি পাহারায় গত শনিবার কলেজের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় l ছবি: প্রথম আলো
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী নজরুলকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরিয়ে পুলিশি পাহারায় গত শনিবার কলেজের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় l ছবি: প্রথম আলো

পড়াশোনায় মেধাবী। পড়াশোনার বাইরে করতেন নাট্য আন্দোলন। মাদকবিরোধী আন্দোলনেও সব সময় ছিলেন সামনের সারিতে। সক্রিয় ছিলেন ছাত্ররাজনীতিতেও। এত দিন সহপাঠীরা তাঁকে মাদকবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবেই জানতেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের সেই মেধাবী ছাত্র নজরুল ইসলাম ওরফে জনিই (২৮) র‌্যাবের নথিতে এখন ইয়াবা ব্যবসায়ী। গত ৩০ আগস্ট নজরুলকে বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার ভাড়া বাসা থেকে আটক করে র‌্যাব।
গতকাল মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলামের পরিবারের সদস্যরা। র‌্যাব কর্মকর্তা মশিউর রহমান ও আবদুর রউফের বিরুদ্ধে পরিবারের পক্ষে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর স্ত্রী ফারজানা ববি। এর আগে গত সোমবার র‌্যাবের মহাপরিচালকের কাছে বগুড়া ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, ‘সাজানো ছকে’ অভিযানের নামে মেধাবী ছাত্র নজরুল ইসলামকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। র‌্যাব ক্যাম্পে তুলে নিয়ে নজরুলের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। নজরুলের স্নাতকোত্তরের শেষ পর্বের পরীক্ষা যথাযথ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করতে আদালত নির্দেশ দিলেও জেলখানা থেকে ডান্ডাবেরি ও হাতকড়া পরিয়ে তাঁকে পরীক্ষার কেন্দ্রে হাজির করা হয়েছে। স্বজনদের দাবি, আবদুর রউফ নামে একজন প্রভাবশালী ব্যক্তি এর নেপথ্যে রয়েছেন। তিনি মশিউর রহমানকে প্রভাবিত করে নজরুলকে মামলায় ফাঁসিয়েছেন।
ফারজানা ববি বলেন, ৩০ আগস্ট রাত ১০টার দিকে মশিউর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল সুলতানগঞ্জপাড়ার ঈদগাঁ মাঠ লেনে তাঁদের ভাড়া বাসায় গিয়ে নজরুলকে সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে বাসায় তল্লাশি চালানোর কথা বলেন। এ সময় নজরুল র‌্যাব সদস্যদের চ্যালেঞ্জ করেন। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে র‌্যাব সদস্যরা তিন দফায় তল্লাশি করেন। পরে কিছু না পেয়ে এক র‌্যাব সদস্য দুঃখ প্রকাশ করেন। র‌্যাব সদস্যরা বাসার বাইরে চলে যান। কিছুক্ষণ পর তাঁরা ফিরে এসে সরাসরি নজরুলের মায়ের ঘরে ঢোকেন। এরপর ঘরের বাইরে এসে বলেন, ঘরের বালিশের কাভারের ভেতর থেকে ৪৯টি ইয়াবা পাওয়া গেছে। পরে নজরুলকে গাড়িতে তুলে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
নজরুলের বড় ভাই সাব্বির আহমেদ অভিযোগ করেন, গাড়িতে করে নজরুলকে সরাসরি ক্যাম্পে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। রাত দেড়টার দিকে সদর থানায় এনে আধা ঘণ্টা পর আবার র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়। এরপর সারা রাত ধরে এএসপি মশিউর রহমান তাঁর ওপর নির্যাতন চালান। এরপর সকালে তাঁকে থানায় পাঠানো হয়। পরদিন সকালে মামলা দায়েরের পর আদালতে নেওয়া হয়। নির্যাতনের বিষয়টি বিচারকের নজরে এলে বিচারক বিষয়টি তদন্ত করে পুলিশকে ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেন।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, নজরুলকে মারধরের ঘটনা তদন্ত করতে সহকারী পুলিশ সুপার নাজিউর রহমানকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
র‌্যাবের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগে ফারজানা ববি বলেছেন, পড়াশোনার খরচ চালাতে প্রায় তিন বছর আগে শহরের একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানে চাকরি নেন নজরুল। ওই প্রতিষ্ঠানের মালিক ছিলেন আবদুর রউফ ওরফে ইউসুফ নামে এক ব্যক্তি। বছর খানেক চাকরির পর আবদুর রউফ একজন প্রতারক বলে নজরুল জানতে পারেন। তিনি বিদেশে পাঠানো ও চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিতেন। এসব কর্মকাণ্ড জেনে যাওয়ার নজরুল চাকরি ছেড়ে দেন। পরিচিতদের আবদুর রউফের ব্যাপারে সতর্ক করায় তিনি ক্ষিপ্ত হয়ে এ কাজ করিয়েছেন। বছর খানেক আগেও র‌্যাব দিয়ে নজরুলকে ক্যাম্পে তুলে নিয়ে যান আবদুর রউফ। এরপর র‌্যাব নানা ভয়ভীতি দেখিয়ে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়।
যোগাযোগ করা হলে আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘বিশ্বাসঘাতকতার কারণে দেড় বছর আগে প্রতিষ্ঠান থেকে নজরুলকে বিতাড়িত করেছি। ওই সময় তাঁর বিরুদ্ধে থানায় জিডিও করেছিলাম। এরপর আর তাঁর খোঁজ রাখিনি। তার পরও নানাভাবে সে হুমকি দিচ্ছে। র‌্যাবকে আমি কিছুই বলিনি।’
এএসপি মশিউর রহমান মুঠোফোনে বলেন, নজরুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসী মামলা রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাঁর শয়নকক্ষ থেকে ইয়াবা পাওয়া গেছে। তিনি দাবি করেন, নজরুলকে নির্যাতন করা হয়নি, যা করা হয়েছে তা আইনের মধ্যে থেকেই করা হয়েছে। আর আবদুর রউফ নামে কাউকে তিনি চেনেন না। তাই প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না।
তবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়েজুর রহমান জানান, নজরুল ইসলামসহ তিন ভাইয়ের বিরুদ্ধে ২০১০ সালে গ্রামের বাড়িতে প্রতিবেশীর সঙ্গে বিরোধ নিয়ে একটি মামলা হয়। মামলাটি আদালতে বিচারাধীন। এর বাইরে তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। মাদক ব্যবসায়ীর হালনাগাদ তালিকায়ও তাঁর নাম নেই।
র‌্যাব-১২-এর অধিনায়ক জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, কলেজছাত্রকে হয়রানি ও নির্যাতনের অভিযোগে আদালতের নির্দেশে তদন্ত চলছে। র‌্যাবের পক্ষ থেকেও আলাদা তদন্ত হবে। তদন্তে র‌্যাবের কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।