ইয়াবা পাচারকারীরা বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে ইয়াবা বড়ি পাচার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। বান্দরবান-কক্সবাজার সীমান্ত দিয়ে একদিকে যেমন দেশে প্রচুর পরিমাণে ইয়াবা ঢুকছে, তেমনি রাজধানী ঢাকায় আসছে এর চালান।
বিজিবি সূত্রে জানা গিয়েছে, শুধু ডিসেম্বর মাসেই তারা প্রায় পৌনে দুই লাখ পিস ইয়াবা বড়ি আটক করেছে। এ ছাড়া প্রতিদিনই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে পাচারকারীরা ধরা পড়লেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এ ছাড়া স্থলপথের পাশাপাশি জলপথেও এখন ঢাকার দিকে ইয়াবা আসছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কয়েকটি নৌকা দিয়ে ইয়াবাও আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা অঞ্চলের উপপরিচালক জাফরুল্লাহ কাজল প্রথম আলোকে গতকাল মঙ্গলবার বলেন, ‘থার্টি ফার্স্ট সামনে রেখে আমরা রাজধানীজুড়ে তৎপরতা বাড়িয়েছি। ২৮ ডিসেম্বর টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা আনার সময় আমরা একজনকে আটক করেছি। তাঁর বেশভূষা দেখে কখনোই সন্দেহ করা সম্ভব ছিল না যে তিনি ইয়াবা আনছেন। এর মাধ্যমেই বোঝা যায় পাচারকারীদের চক্র। এ ছাড়া ২৯ ডিসেম্বর আমরা ভাটারা এলাকায় অভিযান চালিয়েছি। থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে রাজধানীজুড়ে এখন আমাদের ৬০ জন সদস্য তৎপর আছেন।’
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে সীমান্তে কয়েকটি চক্র ইয়াবা আনছে। ইয়াবা পাচার বন্ধে টেকনাফে ডগ স্কোয়াড (প্রশিক্ষিত কুকুর) আনার পর চোরাকারবারিরা এখন বেশির ভাগ সময় সমুদ্রপথে পাচারকাজ চালাচ্ছে।
টেকনাফ মডেল থানার সদ্যবদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, ইয়াবা পাচারের গডফাডার হিসেবে কয়েক দিন আগে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির ভাইদের গ্রেপ্তার করার জন্য বাড়িতে অভিযান চালালেও তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ মূল হোতাদের ধরার চেষ্টা চালাচ্ছে।
ওসি জানান, থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার পাশাপাশি বিয়ার ও মদের চালান মজুত করে পাচারকারীরা জেলা সদরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। তাই পুলিশও বিভিন্ন এলাকার দূরপাল্লার যানবাহনের পাশাপাশি সহেন্দভাজন ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর শনিবার রাত দুইটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছেন বিজিবি। ২৫ ও ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ও শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত চট্টগ্রামের হালিশহর ও ঢাকার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১৫ হাজার ৩১৪ পিস ইয়াবা বড়ি, ইয়াবা বিক্রির ১৮ লাখ ৩৬০ টাকা উদ্ধার করা হয়। ২৪ ডিসেম্বর বুধবার রাত পৌনে একটার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি নৌকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। তবে এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত ২২ ডিসেম্বর সোমবার সকাল পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ বিওপি চৌকির জওয়ানেরা শাহপরীর দ্বীপ জালিয়াপাড়াসংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ৩২৫ বিয়ার ও ৪৫ লিটার মদসহ একটি কাঠের নৌকা জব্দ করে।
২১ ডিসেম্বর রোরবার সকালে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা দামের ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেন।
১৩ ডিসেম্বর শনিবার ভোরে পুলিশ পৌরসভার ইসলামাবাদ এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২২০ বোতল বিয়ার, ৬৫ বোতল বিদেশি মদ ও ৪৮ লিটার চোলাই মদসহ পৌরসভার নাইট্যংপাড়ার মো. সৈয়দ (২৮) ও মো. আলম (৩০) এবং সদর ইউনিয়নের নাজিরপাড়ার আবুল কালামকে (৩০) গ্রেপ্তার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, এ বছর জওয়ানেরা টেকনাফ সীমান্ত এলাকা থেকে ৮৫ কোটি ২৮ লাখ টাকা দামের ২২ লাখ ৯৪ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ ২৪৫ আসামিকে আটক করে। এসব ঘটনায় ১ হাজার ৭০১টি মামলা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা আন্তর্জাতিক চোরাচালানি মোহাম্মদ জোবাইর চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকায় বসবাস করে ইয়াবা পাচারের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছিলেন। কয়েক মাস আগে ঢাকার খিলগাঁও এলাকায় ৫৫ হাজার ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। তবে জোবাইরের সহযোগী রোহিঙ্গা নাগরিক (চট্টগ্রামে অবস্থানরত) মো. ইসমাইল, হাজি ফয়েজ, রশিদ খুলু, টেকনাফের বাসিন্দা শামসুল ইসলাম, শাহ আলম, জাফর আহমদ, রমজান আলী, ফয়েজ আহমদ, শাহপরীর দ্বীপের বাসিন্দা আবদুল শুক্কুর, জাফর আলমসহ অর্ধশতাধিক ব্যক্তি এখনো পলাতক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, বান্দরবান, কক্সবাজার ও টেকনাফে ইয়াবা ব্যবসায়ী রয়েছে ৭৬৪ জন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইয়াবা ব্যবসায়ীকে ধরার জন্য জেলা পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে একটি তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় স্থানীয় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির পাঁচ ভাই আবদুস শুক্কুর, মুজিবুর রহমান, মো. শফিক, মো. ফয়সাল ও আবদুল আমিনের নাম রয়েছে। ওই তালিকায় সাইফুল করিম, আবদুস শুক্কুর, মং মং সেন, মো. একরাম হোসেন, সৈয়দ হোসেন মেম্বার, মো. নুরুল হুদা ও মুজিবুর রহমানকে ইয়াবার শীর্ষ গডফাডার হিসেবে উল্লেখ করা হয়েছে।