ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৩৬ হাজার ইয়াবা বড়ি, ৪২ লাখ টাকা ও নম্বরবিহীন একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর শীতল ঝরনা এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আলম (৩৫), হামিদা বেগম (৩০) ও সেলিনা আক্তারকে (২০)। ওই বাসায় পাওয়া যায় ৩৬ হাজার ইয়াবা বড়ি এবং নম্বরবিহীন একটি গাড়ি (প্রাইভেট কার)।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, শীতল ঝরনা এলাকার ওই বাসা থেকে তিনজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। বন্ধ থাকা ওই বাসা থেকে ইয়াবা বিক্রির ৪২ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই বাসাটি ভাড়া নিয়ে তাঁরা ব্যবহার করতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।