ইয়াবা ব্যবসায়ীর সহযোগীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ীর সহযোগীদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে কর্ণফুলী থানার ইছানগর এলাকা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর এই হামলা চালানো হয়। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশের আহত সদস্যরা হলেন নগরের কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, এসআই সাইফ উল্লাহ, এসআই সালাউদ্দিন জাহেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম ও কনস্টেবল মো. রোকন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসআই শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে ইছানগর এলাকায় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় কর্ণফুলী থানার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো. সাহেদ ওরফে সন্দ্বীপ্যা সাহেদকেও আসামি করা হয়। সোমবার বিকেলে ইছানগর এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। তিনি জানান, পুলিশ চারটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।