চট্টগ্রাম বন্দরের জলসীমায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় ইয়াবার চালান ধরা পড়েছে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে মাছ ধরার ট্রলার থেকে ১৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ দলের সদস্যরা। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পাশের কোনো দেশ থেকে এ চালানটি আসতে পারে।
নৌবাহিনীর এ অভিযানের তিন ঘণ্টার মধ্যে কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে আরও ৭০ হাজার ইয়াবা বড়ি। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় নাফ নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে ৩ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা থেকে তিন লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছিল র্যাব। এটি ছিল ওই সময় পর্যন্ত উদ্ধার করা ইয়াবার বৃহত্তম চালান।
ইয়াবার সবচেয়ে বড় চালান উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এস এম আতিকুর রহমান জানান, কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে ইয়াবার চালান খালাস হবে—এমন গোপন সংবাদ ছিল। এ কারণে বুধবার সন্ধ্যা সাতটা থেকে বন্দরের ১ নম্বর বয়ার কাছে এবং কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে কয়েকটি দলে ভাগ হয়ে নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ দলের সদস্যরা অবস্থান নেন।
কমান্ডার এস এম আতিকুর রহমান জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে বন্দরের ১ নম্বর বয়ার অদূরে ‘এফবি রাজীব’ নামে কাঠের তৈরি একটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তা থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রলারটি কর্ণফুলী নদীর দিকে না এসে গতিপথ পরিবর্তন করে। এ সময় স্পিডবোট নিয়ে ধাওয়া করলে চোরাকারবারিরা ট্রলারটি নিয়ে আনোয়ারার পার্কি সৈকতের দিকে ছুটতে থাকে। উপকূলের কাছাকাছি যাওয়ার পর ট্রলার থেকে সাত-আটজন চোরাকারবারি পানিতে ঝাঁপ দেয়। তারা সাঁতরে উপকূলের দিকে পালিয়ে যায়।
অভিযানে অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, উপকূলের দিকে যেতে হলে নৌবাহিনীর স্পিডবোটের গতি কমাতে হয়। এ ছাড়া উপকূলে পানির গভীরতা কম থাকায় সরাসরি তীরে ভেড়ে না এসব স্পিডবোট। যে কারণে চোরাকারবারিদের ধরা যায়নি। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো প্যাকেটভর্তি এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ১১টি বড় কার্টনে ১০ লাখ ও বেশ কিছু ছোট প্যাকেটে বাকি চার লাখ ইয়াবা বড়ি ছিল। ট্রলারটি নৌবাহিনীর ফ্লোটিলা জেটিতে (৪ নম্বর) নোঙর করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে এস এম আতিকুর রহমান জানান, এফবি রাজীব নামের ট্রলারটিতে কোনো কাগজপত্র ছিল না। ফলে ট্রলারটির মালিক কে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর দাবি, আশপাশের কোনো দেশ থেকে এই চালানটি আনা হতে পারে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা ট্রলারটি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, ১৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় পতেঙ্গা থানায় জিডি করা হয়েছে। ট্রলার মালিকের নাম-পরিচয় পাওয়ার পর মামলা হবে।
নৌবাহিনীর অভিযানে বন্দরের জলসীমা থেকে এ বছরের ১৪ জানুয়ারি ১ লাখ ৪০ হাজার এবং ৩১ জানুয়ারি ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া গত বছরের ২২ জুন ৩০ হাজার এবং ১৫ সেপ্টেম্বর ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
টেকনাফে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় নাফ নদীতে গতকাল ভোর পাঁচটার দিকে বিজিবির টহল দল নৌকায় তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। জব্দ করা হয়েছে নৌকাটি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, এ বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টেকনাফ থেকে ১০ লাখ ৬৯ হাজার ৫৫৫টি ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। মামলা হয়েছে ৪০টি।