ইয়াবাসহ আটক, ৫৪ ধারায় চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনকে গত মঙ্গলবার রাতে ইয়াবা সেবনের সময় তিন যৌনকর্মীসহ আটক করে পুলিশে দেন এলাকাবাসী। পুলিশ ইমরানের বিরুদ্ধে কোনো মামলা না দিয়েই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
ইমরান গত বুধবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ মামলা না দেওয়ায় ইমরান মুক্তি পেয়েছেন অভিযোগ করে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাঁচপুর উত্তরপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
কাঁচপুর উত্তরপাড়া গ্রামের আলমাস মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, পুলিশ ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জামসহ ইমরান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করেছিল। কিন্তু কোনো মামলা করেনি বিধায় খুব সহজে জামিনে মুক্তি পেয়ে গেছেন।
উপপরিদর্শক (এসআই) এস এম ওবায়দুল বলেন, ইয়াবা পাওয়া যায়নি। শুধু মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। ইমরানের বিরুদ্ধে কেউ মামলা না করায় শুধু ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
ইমরান হোসেন দাবি করেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। ওই বাসায় গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে।’