ইয়াবাসহ দুই শীর্ষ ব্যবসায়ী আটক
কক্সবাজারের টেকনাফ থেকে পৃথক দুটি ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ১৯ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই শীর্ষ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে এনে একটি ওষুধের দোকানে মজুত করা হয়েছে—এমন খবরের ভিত্তিতে গতকাল সকাল আটটার দিকে মডেল থানার ওসি মো. মোক্তার হোসেনের নেতৃত্বে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের সামনে মেসার্স আলী মেডিকো নামের একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একই দিন ভোররাত চারটার দিকে পুলিশের এসআই আবদুর রহিমের নেতৃত্বে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোশতাক আহমদের ছেলে জাফর আলম (৩০) ও আলী আহমদের ছেলে খাইরুল বশরকে (৩২) এক হাজার পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওসি মো. মোক্তার হোসেন।