ইয়াসমিনকে পুড়িয়ে মারার অভিযোগ দেবরদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ ইয়াসমিনের দুই দেবর তাঁর হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে আনেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান িতনি।
গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিচতলার শেষ মাথায় একটি ছোট ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। দুপুর থেকে সেখানেই রাখা হয়েছে ইয়াসমিনের লাশ। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে ট্রলি আসে। ততক্ষণে ইয়াসমিনের পুড়ে যাওয়া মুখ দিয়ে সাদা ফেনা গড়ানো শুরু হয়েছে। গতকাল রাতে ইয়াসমিনের লাশ রাখা হয় মর্গে। আজ রোববার দুপুর নাগাদ ইয়াসমিনের পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
একদিকে মেয়ের মৃত্যু অন্যদিকে লাশ কখন পাবে, সে চিন্তায় ইয়াসমিনের পুরো পরিবার দিশেহারা। গত শুক্রবার রাত আড়াইটা থেকে তিনটার দিকে কুমিল্লার তিতাস থানার জিয়ারকান্দি গ্রামে ২২ বছর বয়সী ইয়াসমিনের শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অ্যানেসথেসিয়ার চিকিৎসক এ বি এম বোরহান উদ্দীন প্রথম আলোকে বলেন, ইয়াসমিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় একটি সেন্ট্রাল ভেনাস লাইন করার জন্য। শরীর পরিষ্কার করতে করতেই মারা যান তিনি। তাঁর শরীরের ৭৯ শতাংশ পুড়ে গিয়েছিল।
মো. ইরানের বাড়ি ইয়াসমিনের শ্বশুরবাড়ির কাছেই। হাসপাতালে তিনি বলেন, ‘রাতে অনেক মানুষের আওয়াজ শুইন্যা বাইর হই। ইয়াসমিন আমার সামনে আইস্যা বলে, কাকা আমারে বাঁচান। গৌরীপুর হাসপাতালে আনার পর দেখি সারা শরীর পুড়া। তারপর ছয়টার দিকে ঢাকায় আনি। মারা যাওনের পর থেইক্যা লাশটা হাতে পাওনের লাইগ্যা কয়বার যে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার খালি ধমক দেয়।’
ইয়াসমিনের বাবা ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘আমার মা খুব কষ্ট পাইয়া মরল। মায়ের লাশটা ফুইল্যা যাইতেছে। কষ্ট পাইতাছে। আমরারে লাশটা হাতে পাওনের ব্যবস্থা কইরা দেন। নইলে আমরারেও জেতা (জীবন্ত) মাটি দিয়া দেন।’
ইব্রাহিম জানালেন, মেয়ে শুধু বলেছে তাঁর দুই দেবর আলী আহমেদ আর বাবু হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয়। গৌরীপুর হাসপাতালে শ্বশুরবাড়ির লোকজন ইয়াসমিনকে দেখতে এলেও ঢাকা পর্যন্ত কেউ আসেনি। শুধু দূরসম্পর্কের এক আত্মীয়কে পাঠিয়েছে। তিনি ঘটনার কিছুই জানেন না।
ইয়াসমিনের পরিবার গতকাল পর্যন্ত মামলা করার সুযোগ পায়নি। ইয়াসমিনের দুই বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে।
ঘটনার সময় ইয়াসমিনের স্বামী মোতালেব বাড়ি ছিলেন না। তিনি ভাঙারির ব্যবসা করেন। মোতালেবের নামে কোনো অভিযোগ নেই ইয়াসমিনের পরিবারের। তবে শ্বশুরবাড়ির লোকেরা প্রায়ই ইয়াসমিনকে নির্যাতন করত এবং তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে ইয়াসমিন তাঁর মাকে বলেছিলেন।
ইয়াসমিনের বিয়ে হয় ছয় বছর আগে। বিয়ের সময় ৫২ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছে। দেবরেরা কোনো কাজ করে না। এসব নিয়ে প্রায়ই ঝগড়া লাগত ইয়াসমিনের সঙ্গে। এ থেকেই আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে বলে ইয়াসমিনের পরিবারের ধারণা।