ইরাকে বাংলাদেশি এক শ্রমিককে হত্যা

ইরাকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ফজলুল হক নামের এক বাংলাদেশি শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। তাঁর লাশ দেশে ফিরিয়ে আনতে স্বজনেরা সরকারের সহযোগিতা চেয়েছেন।
গত রোববার জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সঙ্গে সাক্ষাৎ করে স্বজনেরা এই আকুতি জানান।
ফজলুল হকের (৩৫) বাড়ি জামালপুর সদর উপজেলার শেখপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলুল চার বছর আগে ইরাকে পাড়ি জমান। তাঁর পাঠানো টাকায় ভালোই চলছিল সংসার। কিন্তু ২৩ মার্চ হঠাৎ ইরাক থেকে গ্রামের বাড়িতে ফোন আসে। অপরিচিত এক ব্যক্তি ফজলুলকে অপহরণের খবর দেন। এরপর ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। অপহরণকারীরা ফজলুল হকের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নির্যাতনের ছবি ইন্টারনেটের মাধ্যমে তাঁর স্ত্রীর মুঠোফোনে পাঠায়। পরে ফজলুলের সঙ্গে তাঁর কথা বলিয়ে দেয়।
ফজলুল হকের স্ত্রী জোসনা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী ইরাকে গিয়ে প্রথম দুই বছর একটি হাসপাতালের মর্গে কাজ করেন। এরপর একটি বিপণিবিতানে কাজ করতেন। তাঁর স্বামী প্রতি মাসে যে টাকা পাঠাতেন তা দিয়ে শ্বশুর-শাশুড়ি ও এক ছেলে নিয়ে চলছিল তাঁদের সংসার। স্বামীকে মুক্ত করতে অপহরণকারীদের ঠিকানায় দুই কিস্তিতে ৭৫ হাজার টাকা পাঠিয়েছিলেন। কিন্তু এ টাকায় অপহরণকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ফজলুল হকের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। সংজ্ঞাহীন অবস্থায় অপহরণকারীরা গত শনিবার রাত ১২টার দিকে তাঁকে বাগদাদের কেনদা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে ফজলুলের মৃত্যু হয় বলে ইরাকপ্রবাসী এক আত্মীয় মুঠোফোনে গ্রামের বাড়িতে খবর দেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ফজলুলের স্বজনেরা রোববার রাতে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। লাশ দেশে আনতে তাঁরা সরকারের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ইরাকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিষয়টি খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।