ইরাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার তিন জেলায় আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল ১৪। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গতকাল মামলা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস। আদালতের বিচারক মো. নজরুল ইসলাম মামলাটি আমলে নেন।
নীলফামারীতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম। সদর আমলি আদালতে দায়ের করা মামলাটি গ্রহণ করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আকরাম হোসেন।
খাগড়াছড়ি জেলা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা মো. শানে আলম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আমলি আদালতে মামলা করেছেন।
আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে সদর থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নানকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর রাতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন। এর আগে ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি।