ইলিশ ধরা ও বেচাকেনার দায়ে ৪৯ জনের দণ্ড, গুলি
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরা, বিক্রি ও কেনার দায়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে ৪৯ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীতে জেলেদের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচটি গুলি ছোড়ে।
স্থানীয় প্রশাসন ও আদালত-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত সাড়ে নয়টার দিকে উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে একটি নৌকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় জেলেরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের এক সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি গুলি ছোড়ে। এ সময় দুই জেলেকে আটক করা হয়। রাত সাড়ে ১১টায় জৌকুরা ফেরিঘাট এলাকায় অপর একটি নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। এ নির্দেশ অমান্য করলে পুলিশ একটি গুলি ছোড়ে। পরে আট জেলেকে আটক করা হয়। গতকাল ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
ফরিদপুর: বুধবার রাতে ফরিদপুর সদর ও সদরপুর উপজেলায় পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদ থেকে ইলিশ শিকার করার দায়ে ১৮ জেলেকে আটক করে প্রশাসন। গতকাল তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শরীয়তপুর: গতকাল সকালে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকা থেকে ইলিশ মাছ কিনে ফিরছিলেন দুই ক্রেতা। তাঁদের আটক করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও ১২ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পিরোজপুর: বুধবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ ধরার দায়ে চার জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে ইলিশ ধরার দায়ে দুই জেলে আটক ও দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
কুষ্টিয়া: ইলিশ মাছ ধরে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত ও পরিবহনের সময় গতকাল সকাল ১০টার দিকে খোকসা উপজেলার আমলাবাড়ী এলাকা থেকে ৫১ কেজি ইলিশসহ এক মাছ ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাঁকে ইউএনও ও নির্বাহী হাকিম রেবেকা খান জরিমানা করেন।