ইলিশ ধরার দায়ে ৪১ জনকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার দায়ে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে ৪১ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শিকার করা ইলিশ ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর: সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁয় শুক্রবার রাতভর অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয় জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুই মণ ইলিশ ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইউএনও রোকসানা রহমান বলেন, আটক জেলেদের ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে গতকাল সকালে সদরের মনসুরাবাদ, কবিরপুর, মাজেমের ডাঙি ও গোলডাঙিসহ পদ্মার বিভিন্ন এলাকা থেকে তিন জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজবাড়ী: প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার গোদার বাজার, জৌকুরা ফেরিঘাট, বরাটের অন্তারমোড়ের বিভিন্ন পয়েন্টে পদ্মায় অভিযান চালানো হয়। এ সময় ২৭ জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২০ হাজার মিটার জাল ও ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়। সকালে সহকারী কমিশনার সাদিয়া শাহানাজ এবং কাওছার হোসেন তাঁদের মধ্যে ২১ জেলেকে এক মাস করে কারাদণ্ড, তিনজনকে ১০ দিনের কারাদণ্ড এবং তিনজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।

কুষ্টিয়া: শুক্রবার রাতে সদর উপজেলায় পদ্মা ও গড়াইয়ের মোহনা থেকেদুই জেলেকে আটক করা হয়। তাঁদের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা প্রায় ১২ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

পিরোজপুর: কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও লাবণী চাকমা নেতৃত্বে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।