নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এক জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, সোনারগাঁয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকা মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্র হিসেবে পরিচিত। কিন্তু সেখানে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা হচ্ছিল। এ সময় কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ খবর পেয়ে অনেক জেলে পালিয়ে যান। একপর্যায়ে কোস্টগার্ডের সহায়তায় নদী থেকে সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় যাদব চন্দ্র বর্মণ নামের এক জেলেকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে
ফেলা হয়।
গতকাল শনিবার প্রথম আলোয় ‘মেঘনা নদীতে অবাধে ইলিশ শিকার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।