ইলিশ ধরায় ১১ জনকে জেল ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার দায়ে গত রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত রাজবাড়ীতে নয়জন জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরিঘাট এলাকা থেকে বরাট ইউনিয়নের অন্তারমোড় পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজন জেলেকে আটক করা হয়। তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আরিফুল ইসলাম এ রায় দেন।

ঝালকাঠির নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, গতকাল সকালে সুগন্ধা নদীর রায়পুর এলাকায় জেলেরা ইলিশ ধরছিলেন। সেখানে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। এ সময় চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত দুই জেলেকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।