ইলিশ নিয়ে কূলে ফিরতে ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি
>
  • জলদস্যুদের উৎপাত।
  • গত ছয় দিনে ১৫টি মাছধরার ট্রলারে ডাকাতি।
  • মুক্তিপণ আদায় ও মাছ লুট।

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে এখন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। খুশিমনে জেলেরা ইলিশ ধরলেও ফেরার পথে ভর করছে আতঙ্ক। তাণ্ডব চালাচ্ছে একাধিক জলদস্যু বাহিনী।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, গত ছয় দিনে (বৃহস্পতি থেকে মঙ্গলবার) কক্সবাজার উপকূলের বিভিন্ন স্থানে ১৫টি ট্রলার দস্যু বাহিনীর হামলার শিকার হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা চাওয়া হয়েছে। সাগরে এখন প্রায় পাঁচ হাজার ট্রলার মাছধরায় ব্যস্ত। এসব ট্রলারের জেলেরা মাছ নিয়ে কূলে ফিরতে ভয় পাচ্ছেন।
জেলেরা জানান, কক্সবাজার উপকূল থেকে বঙ্গোপসাগরের ৫০ থেকে ৮০ কিলোমিটার দূরত্বে ইলিশ ধরতে যাচ্ছেন জেলেরা। সাত দিনের বেশি সময়ের রসদপাতি নিয়ে সমুদ্রে থাকতে হয়। কিন্তু ফিরে আসার সময় মহেশখালী ও কুতুবদিয়া চ্যানেলে সেই ইলিশ লুট করছে জলদস্যুরা। অনেক সময় জেলেদের অপহরণ করে আদায় করছে মুক্তিপণ।
জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাঈন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, সাগরে এখন ইলিশ ধরা পড়ছে। তবে জেলেরা জাটকা (২০০ গ্রাম পর্যন্ত) ধরছেন কি না, এ ব্যাপারে তদারকি রয়েছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি সূত্র জানায়, গত সোমবার ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে তিনটি মাছধরার ট্রলারের কয়েক হাজার ইলিশ লুট করেছে দস্যুরা। এর মধ্যে একটি ট্রলারের মালিক মহেশখালীর কুতুবজোমের সিরাজ মিয়া। তিনি বলেন, দস্যুরা তাঁর ট্রলারের ১২ জন জেলেকে জিম্মি করে প্রায় দুই হাজার ইলিশ লুট করেছে।
ট্রলারের জেলে আবুল কালাম (৪৮) বলেন, গভীর সাগর থেকে শহরের বাঁকখালী ফিশারিঘাটে ফেরার সময় সোনাদিয়া চ্যানেলে আরেকটি ট্রলার নিয়ে মুখোশধারী জলদস্যুরা তাঁদের ট্রলারে হামলা চালায়। ঘন কুয়াশার কারণে দূর থেকে দস্যুদের খেয়াল করা যায়নি।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, তাঁর ইউনিয়নের আওতাধীন সোনাদিয়া হচ্ছে দস্যু বাহিনীর নিরাপদ আস্তানা। পুলিশ-র‌্যাব মাঝেমধ্যে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দস্যুদের গ্রেপ্তার করলেও
অনেকে সাগরে অবস্থান করায় ধরাছোঁয়ার বাইরে
থেকে গেছে।
পুলিশ ও ট্রলার মালিক সূত্র জানায়, গত শনিবার ভোরে কুতুবদিয়ার তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে দস্যুরা। ট্রলারসহ জেলেদের আনা হয় সোনাদিয়ার প্যারাবনে। এরপর জেলেদের মাধ্যমে ট্রলারের মালিকদের কাছে দাবি করতে থাকে মুক্তিপণ।
একটি ট্রলারের মালিক কুতুবদিয়ার আমজাখালী গ্রামের জয়নাল আবেদীন বলেন, একাধিক বিকাশ নম্বরে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনটি ট্রলারের জেলেদের ছাড়িয়ে আনা হয়েছে গত রোববার দুপুরে।
জলদস্যুদের কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরে আসা কুতুবদিয়ার জেলে আবদুল গফুর (৫০) বলেন, প্রথমে জেলেদের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে, তারপর ইলিশ লুটে নেয়। অনেক ক্ষেত্রে ইলিশ লুটের পাশাপাশি জেলেদের অপহরণ করে মহেশখালীর দ্বীপের জারিপাড়া, ঘটিভাঙা ও সোনাদিয়ার গহিন প্যারাবনে নিয়ে আটকে রাখে। মুক্তিপণের টাকা না পাওয়া পর্যন্ত জেলেদের পেটায়।
এ ছাড়া গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন সময় সোনাদিয়া ও কুতুবদিয়া চ্যানেলে আরও নয়টি ট্রলার ডাকাতের কবলে পড়ে। এসব ট্রলারের মালিক কক্সবাজার সদরের খুরুশকুল, চৌফলদণ্ডী ও পৌরসভার টেকপাড়ার বাসিন্দা।
এ প্রসঙ্গে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, সোমবার পর্যন্ত বিভিন্ন উপকূলে অভিযান চালিয়ে ৩৭ জন তালিকাভুক্ত জলদস্যুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৩টি আগ্নেয়াস্ত্র।
ওসি আরও বলেন, তালিকার বাইরে থাকা চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীর শতাধিক দস্যু গভীর সমুদ্রে জেলেদের ট্রলারে লুটপাট চালাচ্ছে। দস্যুরা ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে মহেশখালীর সোনাদিয়ার প্যারাবনে আটকে রাখে। তারপর ট্রলার মালিকদের খবর দিয়ে মুক্তিপণ আদায় করছে।
তবে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ দাবি করেন, সোনাদিয়ার প্যারাবনে নয়, গভীর সাগরে লুটপাট চালাচ্ছে দস্যুরা, যেখানে পুলিশ যেতে পারে না। গভীর সমুদ্রে নেমে জলদস্যুদের প্রতিরোধ করার মতো আধুনিক জলযান ও জনবল পুলিশের নেই।