ইলিশ শিকারের দায়ে ১৪৯ জেলের দণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বরিশাল, ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, বাগেরহাট ও রাজবাড়ী জেলায় ১৪৯ জন জেলেকে কারাদণ্ডাদেশ ও জরিমানা করা হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই সব সাজা দেন। এ ছাড়া কয়েকটি স্থানে জেলেদের মাছ ধরার জাল জব্দ করা হয়।
৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন সাগর ও নদ-নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। মা ইলিশ রক্ষায় স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালাচ্ছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: জেলা মৎস্য কর্মকর্তা মো. অহিদুজ্জামান জানান, সদর, হিজলা, মেহেন্দীগঞ্জ ও উজিরপুর উপজেলায় বিভিন্ন নদীতে গত বুধবার রাত থেকে অভিযান চালিয়ে ৫২ জন জেলেকে আটক করা হয়। এ সময় দুই লাখ মিটার জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া চারজনকে এক মাস করে দণ্ড দেওয়া হয়।
ভোলা: জেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪৫ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৪১ জনকে গতকাল এক মাস করে ও চারজনকে সাত দিন করে সাজা দেওয়া হয়।
চাঁদপুর: পদ্মা ও মেঘনা নদীতে ১৯ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে নয়জনকে গতকাল বিকেলে এক বছর করে, চারজনকে ছয় মাস করে ও একজনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বাকি পাঁচজনকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
শরীয়তপুর: ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে গতকাল ২৬ জেলেকে আটক করে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া জেলেদের কাছে থাকা ২০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সখীপুর থানার ওসি সমীর সরকার বলেন, দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট: ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে শরণখোলা উপজেলার বলেশ্বর নদে অভিযান চালিয়ে মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের তিন জেলের কাছ থেকে মাছ ধরার একটি নৌকা ও প্রায় চার হাজার মিটার জাল জব্দ করেন। পরে প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই রাতে মংলা উপজেলার পশুর নদে অভিযান চালিয়ে খুলনার দাকোপ উপজেলার তিন জেলের কাছ থেকে দুই হাজার ৩০০ মিটার জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় জানান, বুধবার রাত ১১টা থেকে গতকাল ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত দৌলতদিয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া নদী থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় দেড় হাজার মিটার গুটি ও কোনা জাল জব্দ করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত ছয় জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।