ইলিশপুর গ্রামে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাতটায় লাশ আসে ইলিশপুর গ্রামের বাড়িতে। সকালের নীরবতা ভেঙে স্বজনদের অঝোর কান্না। এক হৃদয়বিদারক পরিবেশ।
কফিনে মুড়ে যাঁর লাশ আসে, তাঁর নাম জাহাঙ্গীর আলম। চাঁদপুরে পেট্রলবোমায় নিহত হন তিনি। পেশায় ট্রাকচালক জাহাঙ্গীরের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিছমত ইলিশপুরে।
জাহাঙ্গীর (৩৫) ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাঁকে হারিয়ে স্ত্রী খাদিজা বেগম পাগলপ্রায়। দুই শিশুসন্তানকে নিয়ে তাই কাঁদতে থাকেন তিনি। খাদিজা বিলাপ করছিলেন আর বলছিলেন, শিশুপুত্র জাহিদ হাসান (৬) ও শাহিদ হাসানকে (২) নিয়ে তাঁর স্বামীর অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আর পূরণ হলো না। তাঁকে সান্ত্বনা দেবেন—এমন ভাষা জানা নেই স্বজন কিংবা পাড়াপড়শিদের।
জাহাঙ্গীরের মা সাদেজা বেগম বিলাপ করতে করতে শোকে-দুঃখে ক্ষোভের সঙ্গে বলেন, হরতাল ও অবরোধের নামে সন্ত্রাসীরাই বোমা মেরে তাঁর বুকের ধনকে কেড়ে নিয়েছে। যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, তারা মানুষ নামের কলঙ্ক। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
মা সাজেদা বলেন, জাহাঙ্গীরের আয় দিয়েই তাঁদের সংসারের দশজনের মুখে খাবার উঠত। এখন কে করবে রুটিরুজি? কে নেবে এই সংসারের ভার? এসব কথা বলতে বলতে তিনি মূর্ছা যান।
জাহাঙ্গীরের ভাই সেলিম হোসেন বলেন, তাঁর ভাই জাহাঙ্গীর গত সোমবার বিকেলে যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাট থেকে গরুভর্তি ট্রাক নিয়ে চট্টগ্রামে যান। সেখান থেকে ট্রাকে টমেটো বোঝাই করে খুলনার উদ্দেশে রওনা হন। বুধবার রাত ১২টার দিকে চাঁদপুর সদরের চান্দ্রা সড়কের চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হামলায় গুরুতর দগ্ধ হন যশোরের বাগআঁচড়ার খোরশেদ আলম (৩০), রুবেল হোসনে (৩২) ও শরিফ হোসেন (৩৪)। তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল জুমার নামাজের পর জানাজা শেষে জাহাঙ্গীরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।