ইলিশা ফেরিঘাট চালু, নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ইলিশা ফেরিঘাট থেকে গতকাল বৃহস্পতিবার ফেরি চলাচল শুরু হয়েছে। ভাঙনে ধসে যাওয়ার কারণে গত আট মাস ঘাটটি বন্ধ ছিল। ২০০ কোটি টাকা দিয়ে এটি পুনর্নির্মাণ করা হয়েছে। তবে এর কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন গতকাল ইলিশা ঘাট থেকে ফেরি চলাচল উদ্বোধন করেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন প্রমুখ। পরে বেলা একটার দিকে কিষানি নামের একটি ফেরি ২৩টি গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীহাটের উদ্দেশে ছেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ২০১৫ সালের মার্চে মেঘনা নদীর ভাঙনের কারণে ইলিশা ফেরিঘাটটি ভেঙে যায়। নয় মাস পর সেখানে অস্থায়ী ফেরিঘাট নির্মাণ করা হয়। সেটি গত ১০ এপ্রিল আবার ভেঙে গেলে ওই পথে ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৭৪ কিলোমিটার ঘুরে তিনটি নদী পার হয়ে ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরি চলতে থাকে। এখান থেকে ফেরিগুলোর মজু চৌধুরীহাট ফেরিঘাটে পৌঁছাতে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগত। প্রায় আট মাস পর বিআইডব্লিউটিএ ইলিশা ফেরিঘাট পুনর্নির্মাণ শেষ করেছে। এখন ইলিশা থেকে মজু চৌধুরীহাট যেতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।
নাম প্রকাশ না করার শর্তে যানবাহনের চালক, ঘাটশ্রমিক ও বিআইডব্লিউটিএর কর্মচারীরা বলেন, এবার খুবই দুর্বল মানের ঘাট নির্মাণ হয়েছে। পন্টুন আরও নিচে বসানো উচিত ছিল। তা না হওয়ায় ভাটার সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ঘাটের পাশের এলাকার কয়েকজন বলেন, ঘাট নির্মাণের সময় ঠিকাদার বা বিআইডব্লিউটিএর কোনো প্রকৌশলীও আসেননি।
গতকাল সরেজমিনে দেখা যায়, নির্মিত ঘাটটি অনেক দুর্বল। কোনোরকমে খোয়া ও বালু ফেলে কাজ করা হয়েছে। পানি বা রোলার দিয়ে সমান না করায় বালুমাটি উড়ছে। ঘাটে দু-তিনটি ট্রাক আসার কারণেই অনেক স্থান দেবে গেছে। পন্টুনের গ্যাংওয়ে ও র্যামের মাথা বের হয়ে পড়েছে।
এ সময় ঘাটে উপস্থিত বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, ২০ লাখ টাকায় ঘাট নির্মাণ করা হয়েছে। কাজ ঠিকভাবেই হয়েছে। এখন থেকে নিয়মিত ঘাট সংস্কার করা হবে। সে প্রস্তুতি তাঁদের আছে। তবে ঘাটের দুই পাশে ২০০ মিটার করে ব্লক না ফেললে এপ্রিলের পর ঘাট টিকবে না।
ভোলা স্বার্থরক্ষা কমিটির সদস্যসচিব অমিতাভ অপু বলেন, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৩ জেলার যাত্রী ও যানবাহন চলাচলের সহজ যোগাযোগ পথ বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক। এ পথের প্রধান সমস্যা ইলিশা ফেরিঘাট। এমন একটি লাভজনক ঘাটকে শুরু থেকেই নৌ-বিভাগ অবহেলা করছে। শুধু এ ঘাটের জন্যই উত্তর ভোলাকে ভাঙনের হাত থেকে রক্ষা করা উচিত।