ইলেকট্রনিকসের আড়ালে রমরমা ফেনসিডিল ব্যবসা
নীলফামারী জেলা শহরের মড়াল সংঘ মোড়ে অবস্থিত জয়ীতা ইলেকট্রনিকস নামের একটি দোকান থেকে গত বুধবার রাতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাত নয়টার দিকে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করে। তবে দোকানের মালিক স্বপন কুমার দাস পালিয়ে যান।
স্বপন কুমার দাস শহরের মিলন পল্লি এলাকার ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক মাহবুব-উল আলম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে দোকানটি থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দোকানটিতে বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবসার আড়ালে মাদক ব্যবসাও চলে আসছিল। পুলিশ আসার আগেই দোকান মালিক স্বপন পালিয়ে যান।
মামলার বাদী আরমান আলী বলেন, স্বপন কুমার দীর্ঘদিন থেকে ইলেকট্রনিকস ব্যবসার আড়ালে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। এর আগেও ওই দোকান থেকে ফেনসিডিলসহ স্বপনকে দুবার গ্রেপ্তার করা হয়েছিল। ওই দুই মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন। এ নিয়ে স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হলো বলে জানান তিনি।