ইসলামপুর ও নান্দাইলে দুই নারীর লাশ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলার বাঘাবাড়ি গ্রাম থেকে গতকাল শুক্রবার জোসনা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
ইসলামপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, জোসনা বেগম ও তাঁর স্বামী মোহাম্মদের মধ্যে পারিবারিক কলহ ছিল। গত বৃহস্পতিবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকালে স্থানীয় লোকজন ঘরের মধ্যে জোসনার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইসলামপুর থানার ওসি দ্বীন-ই-আলম বলেন, ‘ঘটনার পর থেকে বাড়ির সব সদস্য পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূকে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে।’
নান্দাইল থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নান্দাইল হাইওয়ে থানার পূর্ব পাশের একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নান্দাইল থানার এসআই মো. নুরুল ইসলাম জানান, ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।