ইসলামপুরে ভিজিএফের ৭০ বস্তা চাল জব্দ
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ও চরপুটিমারী ইউনিয়নে ভিজিএফের ৭০ বস্তা চাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এসব চাল জব্দ করে। এ ঘটনায় গত রাতেই ইসলামপুর থানায় একটি মামলা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভিজিএফ কর্মসূচির আওতায় নোয়ারপাড়া ইউনিয়নের ৫ হাজার ৯১২ জন কার্ডধারী মানুষের জন্য প্রায় ৫২ মেট্রিক টন চাল ও ৮ মেট্রিক টন গম বরাদ্দ দেয় সরকার। প্রায় একই পরিমাণ বরাদ্দ ছিল চরপুটিমারী ইউনিয়নের জন্যও। কিন্তু এসব চালের অর্ধেকও দুস্থ মানুষের মধ্যে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেন চেয়ারম্যানরা।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ৬৬ বস্তা চাল কালোবাজারিদের কাছে বিক্রি করে দিয়েছেন, এমন তথ্য জানার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে নোয়ারপাড়া গ্রামের সাইদুর রহমানের বাড়ি থেকে ৩৪ বস্তা, আব্বাস আলীর বাড়ি থেকে ২০ বস্তা, কফিল উদ্দিনের বাড়ি থেকে ৬ বস্তা ও জাহিদুল ইসলামের বাড়ি থেকে ৬ বস্তা এবং চরপুটিমারি ইউনিয়ন পরিষদের পাশ থেকে ৪ বস্তা চাল জব্দ করে।