ইসলামপুরে ভিজিডির ৫ টন চাল জব্দ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুস্থ নারীদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির ১৬৫ বস্তা (প্রায় পাঁচ টন) চাল জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে কলোবাজারে বিক্রির সময় প্রশাসন চালগুলো জব্দ করে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট সাপধরী ইউনিয়নের ১৯৯ জন দুস্থ নারীর জন্য ভিজিডির ৫৯৭ বস্তা (৩০ কেজির বস্তা) চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৬৫ বস্তা চাল ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) লোকজন কালোবাজারি মো. তোতা মিয়ার কাছে বিক্রি করে দেন। ওই চাল রাত ১১টার দিকে চেঙ্গানিয়া গ্রাম থেকে নৌকায় আমতলী বাজার এলাকায় আনা হয়। খবর পেয়ে ইউএনও এ বি এম এহছানুল হক পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই সব চাল জব্দ করেন। এ সময় সাপধরী গ্রামের মো. তোতাকে গ্রেপ্তার করা হয়।

সাপধরী ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, বন্যা থাকার কারণে চাল বিতরণ করতে দেরি হয়েছে। গত মে থেকে জুলাই মাসের চাল বুধবার দুস্থ নারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ট্যাগ কর্মকর্তা (উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) মো. খোরশেদ আলমের উপস্থিতিতে এসব চাল বিতরণ করা হয়েছে। এসব চাল কীভাবে কালোবাজারির কাছে গিয়েছে, সে বিষয়ে তিনি কোনো কিছু জানেন না।