ইসলামপুরে শিক্ষককে মারধর, হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ইসলামপুর জেজেকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক মাশিকুর রহমানের বাড়ি ইসলামপুর উপজেলার রুহারকান্দা গ্রামে। গতকাল তাঁর ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেজেকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের একটি পদ শূন্য হয়। ওই পদে যোগদানের জন্য মাশিকুর রহমান ও আরিফা তামান্না আবেদন করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ওই পদে মাশিকুর রহমানকে যোগদান করতে বলা হয়। গতকাল দুপুর ১২টার দিকে তিনি যোগদান করতে যান। এ সময় আরিফা তামান্নার স্বামী মিজানুর রহমান লোকজন নিয়ে ওই শিক্ষককে বেধড়ক মারধর করেন ও কাগজপত্র ছিনিয়ে নেন। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষকের বড় ভাই মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
মিজানুর রহমান বলেন, ‘আমার স্ত্রীর ছোট বাচ্চা রয়েছে। ওই শিক্ষক আমার পরিচিত। তাঁকে অনেক অনুরোধ করেছিলাম ওই স্কুলে যোগদান না করতে। কিন্তু তিনি শোনেননি। ফলে আজ তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। আমি তাঁকে মারধর করিনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খান বলেন, মাশিকুর রহমানকে যোগদান না করানোর জন্য মিজানুর রহমান তাঁকে চাপ দেন। শিক্ষা কার্যালয়ের নিয়ম অনুযায়ী মাশিকুর রহমান স্কুলে যোগদান করতে আসেন। এ সময় মিজানুর রহমান উত্তেজিত হয়ে তাঁর সঙ্গে থাকা লোকজন নিয়ে মাশিকুরকে মারধর করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’