ইসলামবাগে বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইদ্রিস রহমান
ইদ্রিস রহমান

পুরান ঢাকার ইসলামবাগে বিস্ফোরণে কৃষক লীগের ২৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস রহমান নিহত হয়েছেন। চকবাজার থানার ইসলামবাগের ঈদ জামাত মাঠে একটি সালিশি বৈঠক চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বৈঠকে উপস্থিত থাকা ওই এলাকার সংসদ সদস্য হাজী মো. সেলিম অক্ষত আছেন।
বিস্ফোরণে আহত হয়েছেন পাঁচ জন। তাঁরা হলেন মনির হোসেন, আমিনুল, মোসলেম, মুজিবুর রহমান ও নুর’জ্জামান। মনির একই ওয়ার্ডের কৃষক লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান।

চকবাজার থানা পুলিশ ও ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, বিকেল চারটার দিকে সালিশ চলাকালে সেখানে বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে এটা বোমা না ককটেল না অন্য কোনো ধরনের বিস্ফোরক, তা তাৎক্ষনিকভাবে জানা জায়নি।
ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, বিস্ফোরণে ছয়জন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে হাজী সেলিম সাংবাদিকদের কাছে দাবি করেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি বা ৫ জানুয়ারির সম্পর্ক নেই। সালিশির বিবাদী পক্ষ এটা ঘটিয়েছে।