ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বোয়ালিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে শৈলকুপা থানা পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও শৈলকুপা থানা সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে ওমর ফারুক বোয়ালিয়া বাজারে একটি সেলুনের দোকানে বসে ছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শৈলকুপা থানা পুলিশের হেফাজতে আছেন।

শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান প্রথম আলোকে বলেন, ওমর ফারুকের বিরুদ্ধে শৈলকুপা থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন নাশতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ওমর ফারুকের বাসা শৈলকুপা থানার জাঙ্গালিয়া গ্রামে। তাঁর নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পাঁচটি মামলা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা গেছে।

এ দিকে ওমর ফারুককে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার কুষ্টিয়া, ঝিনাইদহ জেলা শহর ও ক্যাম্পাস এলাকায় ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিাতে বলা হয়, হরতাল বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।