ঈশ্বরদীতে গণপিটুনিতে 'গরু চোর' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগরে গণপিটুনিতে মজিবর (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এলাকাবাসীর দাবি, স্থানীয় বাসিন্দা মন্টু প্রামাণিকের বাড়ির গরু চুরি করে নেওয়ার সময় মজিবরকে পিটুনি দেয় উত্তেজিত জনতা।
মন্টু প্রামাণিকের ভাষ্য, রোববার রাত দেড়টার দিকে তাঁর গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিচ্ছিল এক ব্যক্তি। গরু নিয়ে যাওয়ার সময় তিনি টের পান। এরপর তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে গ্রামবাসী ও এলাকার পাহারাদার লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। লোকজন আসার শব্দ পেয়ে চোর দৌড়ে পালানোর সময় খেতে বেড়া দেওয়ার জালের সঙ্গে পা আটকে পড়ে যায়। তখন উত্তেজিত জনতা তাকে বেদম প্রহর করে। এতে সে গুরুতর আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) বিমান কুমার দাশ জানান, মজিবরের বাবার নাম খবির মোল্লা। হেমায়েতপুর এলাকায় তাঁর বাড়ি। আজ ভোর সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় মজিবরকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিলা মোস্তফা জানান, চিকিৎসাধীন অবস্থায় মজিবর আজ দুপুরে মারা যান।

ওসি বিমান কুমার দাশ জানান, মজিবরের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।