ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় এক কর্মী পিস্তল দিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়েন l ছবি: প্রথম আলো
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় এক কর্মী পিস্তল দিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়েন l ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে আবার সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের গতকাল বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ২৪ ডিসেম্বরের পরিবর্তে শনিবার থেকে কার্যকর করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে।
সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে এবং ৩ জানুয়ারি প্রশাসনিক ও ৬ জানুয়ারি একাডেমিক কার্যক্রম চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, গত বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমারের অনুসারীদের সঙ্গে সহসভাপতি মিজানুর রহমানের অনুসারীদের সংঘর্ষের জের ধরেই গতকালের সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবারের ঘটনায় ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকাল থেকেই ছাত্রলীগের দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাইফুল-অমিত অনুসারীরা কলা অনুষদের পাশে ছাত্রলীগের দলীয় তাঁবুতে অবস্থান করছিলেন। অন্যদিকে, মিজানের অনুসারীরা ছিলেন প্রশাসন ভবনের পাশের আমবাগানে। ক্যাম্পাসে সকাল থেকে অতিরিক্ত পুলিশ ও র্যা বের টহল ছিল। দুপুর ১২টার দিকে র্যা বের টহল গাড়ি ক্যাম্পাস থেকে চলে যায়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সহসভাপতি মিজানের অনুসারীরা মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের প্রতিপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এতে সাইফুল-অমিত অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় ছাত্রলীগের কর্মীরা সাত থেকে আটটি ফাঁকা গুলি ছোড়েন।
শিক্ষার্থীরা বলেন, পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশ সভাপতি-সাধারণ সম্পাদকপক্ষের দিকে রাইফেলের কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সুযোগে সহসভাপতি পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণ করলে তাঁরা পিছু হটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দলীয় তাঁবুতে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। সহসভাপতিপক্ষের সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়লে আমরা প্রতিরোধ করেছি।’ তিনি অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের ইন্ধনে পুলিশ সহসভাপতিপক্ষের নেতা-কর্মীদের পক্ষ নিয়ে আমাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে।’
তবে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমানের পক্ষের নেতা মো. হালিম বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা আমাদের লক্ষ্য করে গুলি করলে আমরা এর জবাব দিয়েছি।’
পুলিশের পক্ষপাতমূলক অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি গুলি ছুড়েছে, কোনো গ্রুপের পক্ষ নেওয়া হয়নি।