ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বাদী হয়ে মামলাটি করেন।
এদিকে ‘এফ’ ইউনিটের ভর্তি বাতিলের দাবিতে গতকাল বুধবার সকালেও কুষ্টিয়া শহরে মানববন্ধন করেছেন সদ্য ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা।
বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ১৯৮০ সালের পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা আইনে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আসামিরা হলেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বহিষ্কৃত শিক্ষার্থী কুষ্টিয়া সদর উপজেলার হরিনায়রায়ণপুর গ্রামের মনোজিৎ মণ্ডল ও ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের শান্তিডাঙ্গা এলাকার বাসিন্দা পল্লি চিকিৎসক মিজানুর রহমান (৬০)।
ওসি আরও জানান, ইতিমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ভর্তি বাতিলসহ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এক শিক্ষককে বরখাস্ত ও এক ছাত্রকে আজীবন বহিষ্কারসহ তাঁর স্নাতক সনদ বাতিল করা হয়। ১৬ মার্চ আবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। তা ছাড়া একই দোষে প্যারালাল শাস্তি হয় না। এ জন্য মামলায় ওই শিক্ষকের নাম দেওয়া হয়নি।’
সকাল ১০টায় কুষ্টিয়া শহরের থানা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে ভর্তি পরীক্ষা বহালের দাবি জানান তাঁরা। প্রয়োজনে এ ব্যাপারে উচ্চ আদালতে যাবেন তাঁরা।