ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের কক্ষে ভাঙচুর ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় ছাত্রছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে ভর্তি কমিটির আহ্বায়কের কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা, হরিজন ও প্রতিবন্ধী ভর্তি উপকমিটির আহ্বায়ক শেলীনা নাসরীনের কক্ষে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ব্যবসায় প্রশাসন অনুষদে যান। সেখানে শেলীনা নাসরীনের কক্ষে প্রবেশ করেন। এ সময় তাঁকে না পেয়ে তাঁর কক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর চালান। এরপর তাঁরা প্রশাসন ভবনের সামনে হট্টগোল শুরু করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মরা গাছ কাটা ও বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ কর্নারের জন্য আসবাব তৈরির কাজ বন্ধ করে দেয়।

সন্ধ্যায় মুঠোফোনে শেলীনা নাসরীন প্রথম আলোকে বলেন, গতকাল সোমবারও ওই ছেলেরা তাঁর কক্ষের দরজায় আঘাত করেছিল। সে সময় তিনি কক্ষে ছিলেন। আজ তিনি ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিলেন। তিনি আরও বলেন, ‘বলতে বাধ্য হচ্ছি, এরা পেয়ে পেয়ে এমন অবস্থা হয়েছে, না পাওয়াটা তাদের জন্য কঠিন। আমরা সব নিয়ম মেনে একটা প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করছি। ভাঙচুরের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। উপাচার্য ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি ফিরলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিশেষ কোটায় অনিয়মতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। বিষয়টি আগেও প্রশাসনকে জানানো হয়েছে। তারপরও কোনো সুরাহা হচ্ছে না। মঙ্গলবার সকালে ভর্তি কমিটির আহ্বায়কের কক্ষে যাওয়া হয়েছিল। তাঁকে পাওয়া যায়নি। সেখান থেকে চলে আসার পর কী হয়েছে জানি না।’