ইসলামী ব্যাংকে ছাত্রলীগের হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখায় গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কাচ ও ইটের আঘাতে দুজন গ্রাহক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে ছাত্রলীগ নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করতে শহরের ডাকবাংলোর সামনে জড়ো হন। বেলা ১১টার দিকে পুলিশের পাহারায় তাঁরা মিছিল শেষ করে মিয়াজী মার্কেটে ইসলামী ব্যাংকের কাছে এসে জড়ো হন।
এ সময় মিছিল থেকে ব্যাংক লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে জানালার ছয়টি কাচ ভেঙে যায়। ইট ও কাচের টুকরার আঘাতে দুই গ্রাহক আহত হন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ব্যাংকের ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, ছাত্রলীগের মিছিল থেকে ইট-পাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে জানানো হয়।
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহরুফ বিন জাকারিয়া দাবি করেন, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ব্যাংকে হামলা করেননি। তাঁরা মিছিল শেষ করার পর কে বা কারা ব্যাংক লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে তা তাঁদের জানা নেই।
ওসি এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাংকের জানালার কয়েকটি কাচ ভাঙচুর করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাংকের কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে।